বেতারের ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ বাতিল

বাংলাদেশ বেতার। ছবি : সংগৃহীত
ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নির্ধারিত পোশাকবিধি অনুসরণের নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার।
রবিবার (২৪ মে) বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়।
এর আগে গত ৪ মে জারি করা এক অফিস আদেশে নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে শেষ পর্যন্ত সেই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়।
মহাপরিচালক এ এস এম জাহীদ স্বাক্ষরিত নতুন আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের ড্রেস কোড সংক্রান্ত কেন্দ্রীয় বার্তা সংস্থার ৪ মে তারিখের অফিস আদেশটি বাতিল করা হলো।’
এর আগে জারি করা নির্দেশনায় নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা, সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরার কথা বলা হয়েছিল। একই সঙ্গে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়েছিল। এছাড়া উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি নিষিদ্ধ করা হয়।
নির্দেশনাটি নিয়ে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ বিষয়ে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের রবিবার আগামীর সময়কে বলেছিলেন, ‘মূলত শালীনতা বজায় রাখার জন্যই উপস্থাপকদের এই আহ্বান জানানো হয়েছিল।’







