রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ভবন থেকে পড়ে মুবতাসির ফুয়াদ নাঈম (২৩) নামের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থী মারা গেছেন।
আজ শুক্রবার সকালে ভাটারার সাইদ নগর এলাকার বড় মসজিদসংলগ্ন ভাড়া বাসায় ভোর ৬টার দিকে ঘটে এ ঘটনা। নাঈম বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মৃত নাঈমের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। পেশায় তিনি শিক্ষক।
নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ভাই ইয়াসিন আরাফাত জানিয়েছেন, মৃত নাঈমসহ কয়েকজন মেস করে একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ফ্ল্যাট রয়েছে। মাঝখান দিয়ে দুই ভবনেই যাতায়াত করা যায়।
তারা আরও জানিয়েছেন, সকালে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শোনার পর তাদের ঘুম ভাঙে। তারা দেখেন, দুই ভবনের মাঝখানে নাঈম গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতাল ও পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
নাঈমের রুমমেটরা আরও জানালেন, এরপর সেখান থেকে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমের রুমমেটরা আরও জানালেন, তারা ভবনের কেয়ারটেকারের কাছ থেকে জানতে পেরেছেন, নাঈম এই ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে নক করেছিল। সে সময়ে ব্যালকনি থেকে হয়তো নিচে পড়ে যান। বিষয়টি তার স্বজনদের জানানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



