বিমানবন্দরের কমোডের ট্যাংকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের পেস্ট

৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট এ-শিফট। ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের একটি ওয়াশরুমের হাই কমোডের ট্যাংক থেকে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট এ-শিফট। উদ্ধার করা পেস্টে থাকা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি।
পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে প্যাকেটগুলো খুললে সেগুলোর ভেতর থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা পেস্ট থেকে স্বর্ণ পৃথক করা এবং এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। এ জন্য নিবন্ধিত স্বর্ণকারের সহায়তা নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ও পরিমাপ শেষে জব্দ করা স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও সঠিক মূল্য নিশ্চিত করা যাবে।




