শেখ হাসিনার পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত মরদেহ

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করা হয়।
তার নাম মো. শাকিল (১৯)। মোহাম্মদপুরের ঝিগাতলার শিকদার স্ট্যাটাস এলাকার টালি অফিসের (শিবপুর) ২৯৫/জি/এইচ/এ/৭ এ নম্বর বাড়ির সেকেন্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে তিনি।
ঘটনার নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই ওহিদুর রহমান জানান, শনিবার বেলা ১১টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই ভবনের একটি কাঠের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে বিকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং সঠিক তদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।




