লাঠিপেটা, কাঁদানে গ্যাস : মিরপুরে অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি : আগামীর সময়
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশের ধাওয়ায় আড়াই ঘণ্টা অবরোধ শেষে সড়ক ছেড়ে ছাত্রভঙ্গ হয়ে গেছেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত পুরো সড়কটি অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। এরপর পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বলা হয়েছিল, যে তাদের বিষয়ে সরকারের তরফ থেকে দ্রুতই সিদ্ধান্ত আসবে। তাদেরকে সড়ক ছেড়ে দিতে বলা হয়েছিল।
কিন্তু আড়াই ঘণ্টা হয়ে গেলেও শ্রমিকরা সড়ক না ছাড়লে পুলিশ একযোগে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পোশাক শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে বিভিন্ন অলিগলিতে ছাত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে রবিবার সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকায় চলাচলরতদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।



