রাজধানীর ১২ পেট্রলপাম্পে অভিযান, অনিয়মের কারণে বন্ধ তিনটি

জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম থাকায় পেট্রলপাম্প বন্ধ রাখার নির্দেশ দেয় বিএসটিআই। ছবি: আগামীর সময়
রাজধানীর ১২টি পেট্রলপাম্পে দুদিনের বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে তিনটি পাম্পের তিনটি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কমবেশি পাওয়ায় সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি নয়টি পাম্পের পরীক্ষিত ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া গেছে।
গত ১৭ ও ১৮ নভেম্বর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হয় এ অভিযান।
বিএসটিআই জানায়, ১৭ নভেম্বর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিন তুরাগের ধউর এলাকার ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল বেশি পাওয়া যায়। অনিয়মের কারণে ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ১৮ নভেম্বর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ কারণে ওই ইউনিটটিও বন্ধ রাখার নির্দেশ দেয় বিএসটিআই।
১৭ নভেম্বরের অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান। এতে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।
১৮ নভেম্বরের অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন। এ সময় সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ বিল্লাল হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।




