শ্রমিক অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শিমুল বিশ্বাস

ছবি: আগামীর সময়
সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং চলমান বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে শ্রমিক নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু।
এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
তিনি বলছিলেন, সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং আলোচনার মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা ও চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন।
বক্তব্য দেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদ।






