বাংলাদেশ মেডিকেলের আটতলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নূর (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সামিয়া গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের নুরুন্নবী ও পারুল আক্তারের পালক মেয়ে। দুই-তিন বছর বয়সে সামিয়াকে দত্তক নেওয়া হয়েছিল। সে নুরুন্নবী ও পারুলকে নিজের বাবা-মা বলে জানত।
সামিয়ার মামা মাসুদ আলম আগামীর সময়কে জানান, তার বোন পারুল জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তিনি মেয়ের সঙ্গে হাসপাতালের আটতলার ওয়ার্ডে কথা বলছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল ৫টা ১৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।



