প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি

সংগৃহীত ছবি
খ্যাতনামা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবন ও কর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।
আজ শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক নাগরিক স্মরণসভায় এ দাবি জানান তারা। আগামী ৯ আগস্ট প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জানান, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক ছিল। একদিকে তিনি ছিলেন দেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, অন্যদিকে জাতীয় সম্পদ রক্ষা, পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও জাতীয় আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তারা আরও জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম সংস্কার, দেশের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত শিল্প ভবন, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের সংস্কার এবং বাংলাদেশ বিমান ভবন সংস্কারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রকল্পে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
স্মরণসভায় প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় সূচনা বক্তব্য দেন জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের সংগঠক রুস্তম আলী খোকন। সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থপতি অসিত বরণ সাহা, অ্যাডভোকেট প্রহলাদ দেবনাথ, গ্রিন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবির সুমন প্রমুখ।





