জানা-অজানা গল্পে তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ

সংগৃহীত ছবি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করলেন তার সহকর্মী, বন্ধু, স্বজন আর রাজনীতিক ও পেশাজীবীরা। তাদের স্মৃতিচারণায় উঠে এলো তৌফিক ইমরোজ খালিদীর নির্ভীক সাংবাদিকতা, পেশাগত লড়াই আর বর্ণাঢ্য কর্মময় জীবনের গল্প।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হওয়া ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামের ওই আয়োজনে উঠে এলো প্রয়াত সম্পাদকের জানা-অজানা অনেক দিক। আড়াই ঘণ্টার এই আয়োজনে কথা বললেন খালিদীর একমাত্র সন্তান বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীও।
স্মরণসভায় তৌফিক ইমরোজ খালিদীকে নিয়ে কথা বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেনসহ আরও অনেকে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, চরচার সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম শামীম রেজা, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুসহ শুভাকাঙ্ক্ষীরা।
এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে ৫৯ বছরের জীবনের প্রায় ৪০ বছরই সাংবাদিকতায় কাটানো তৌফিক ইমরোজ খালিদীর কর্মময় জীবনের নানা অধ্যায়ের কথা উঠে আসে।
ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। গত ২ অক্টোবর সেখানে মারা যান আমৃত্যু ক্ষমতাকে প্রশ্ন করা তৌফিক ইমরোজ খালিদী। গত ১০ অক্টোবর তার মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।




