আ.লীগের কোনো নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না : হাসান শিপলু

গোল চিহ্নিত ব্যক্তি আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা তুরস্কে গিয়েছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি সম্পূর্ণ অনুমাননির্ভর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, এ ধরনের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না।
আজ শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের পাশাপাশি আগামীর সময়কেও এ কথা জানান হাসান শিপলু।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে তীব্র ক্ষোভ—এমন শিরোনামে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক আওয়ামী লীগ নেতাকে দেখা যাচ্ছে; ফটোশপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও সংযুক্ত করা হয়েছে সেখানে।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
হাসান শিপলু বললেন, ছবিতে চিহ্নিত ব্যক্তি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের শত শত ব্যক্তি তুরস্কের আন্তালিয়ায় গিয়েছেন। তাদের মধ্যে কেউ কোনো মন্ত্রী বা নেতার আশপাশে অবস্থান করলেই কিংবা তার সঙ্গে ছবি পাওয়া গেলেই কি তিনি প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হয়ে যান?
‘এ ধরনের সম্মেলনে অনেক ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে ছবি তোলেন। তাৎক্ষণিক ছবি তুলতে আসা ব্যক্তির পরিচয় জানাও সম্ভব নয়। সৌজন্যতা দেখিয়ে তোলা একটি ছবি কখনোই কারও সরকারি সফরসঙ্গী হওয়ার প্রমাণ হতে পারে না।’
তিনি আরও যোগ করেন, ‘অথচ ন্যূনতম তথ্য যাচাই না করে একটি ছবিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরও দুঃখজনক হলো— কেউ কেউ সত্যতা নিশ্চিত না হয়েই সেই অপপ্রচারকে সমর্থন দিয়ে ছবিটি প্রচার করছেন। রাজনৈতিক সমালোচনা অনুমাননির্ভর হওয়া উচিত নয়। সমালোচনা অবশ্যই করুন, কিন্তু তা হতে হবে সত্য তথ্যের ভিত্তিতে।’
‘দায়িত্ব নিয়ে বলছি— ছবিতে চিহ্নিত ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না’- যোগ করেন এই উপ-প্রেস সচিব।



