পরিবহনমন্ত্রী
এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে আন্তরিকভাবে কাজ চলছে।
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম (গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ-জিআরএসপি প্রকল্প) এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন মন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বাংলাদেশে প্রচলিত সড়ক ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা অপরিহার্য। আমরা অনিরাপদ সড়ক ব্যবস্থাপনার কারণে জাতিগতভাবে ভোগান্তি পোহাচ্ছি এবং এজন্য পরস্পরকে দোষারোপ করছি। সেখান থেকে শৃঙ্খলা ফেরাতে পরিবহন খাতে যে মাফিয়াতন্ত্র রয়েছে, তা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।’



