প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা দিল কমিউনিটি ব্যাংক

বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকটির পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আহম্মদ মুঈদ (সেবা) উপস্থিত ছিলেন।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা দিতে এ অনুদান দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে সহায়তা জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করবে।



