সৌদিগামী ১০৭ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে বিপর্যয় দেখা দিয়েছে ফ্লাইটে। বিমানবন্দরটির কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করায় প্রভাব পড়েছে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইটেও। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১০৭টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
এই সংখ্যা আরও বাড়তে পারে। আজ শুক্রবার আগামীর সময়কে এমনটা জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ।
ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৪৪টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৩টি। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারলাইনসের সাতটি ফ্লাইট স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার চারটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলেও জানিয়েছে তারা।
বিদেশে যত বাংলাদেশি রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এই দেশটি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি কয়েক দফায় হামলা চালিয়েছে সৌদি আরবে।
এমনই একটি হামলায় শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হন। হামলার পর থেকে কিং খালেদ বিমানবন্দর বিমান ওঠা-নামা ব্যাহত হচ্ছে।




