স্থানীয় সরকারে কেনাকাটা-দরপত্র স্থগিতের নির্দেশ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কেনাকাটা ও দরপত্র আপাতত বন্ধ রাখার নির্দেশনা এসেছে।
আজ বৃহস্পতিবার এই নির্দেশনা এসেছে স্থানীয় সরকার বিভাগ। বলা হয়েছে, নতুন ক্রয় বিধিমালা প্রণয়নের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ে কেনাকাটা এর আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে, যদিও ‘জরুরি’ বিষয়গুলো স্পষ্ট করা হয়নি।
স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত মেনে চলতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে।
সংশ্লিষ্ট দপ্তর হিসেবে এই নির্দেশনা পাঠানো হয়েছে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে।
যার অর্থ দাঁড়ায়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ওয়াসায় আপাতত কেনাকাটার সব দরপত্র প্রক্রিয়া বন্ধ থাকবে।



