রোগে শোকে ভুগে চলে গেলেন সাবেক আইনমন্ত্রী শফিক

শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক আইনমন্ত্রীর ছেলে মাহবুব শফিক। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী।
শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল মেয়াদে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি।
কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। তার জন্ম কুমিল্লায়, ১৯৩৭ সালে। ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে লাভ করেন বার-অ্যাট-ল ডিগ্রি।
দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শফিক আহমেদ। গত বছরের ১২ আগস্ট তার স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান।
আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টসহ দুদফা জানাজা শেষে শফিক আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আকসির এম চৌধুরী।

