প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পাম্প পাবেন কৃষকরা

সংসদ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী—ফাইল ছবি
আগামী পাঁচ বছরের মধ্যে সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌরবিদ্যুৎ চালিত পাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সংসদ সদস্য তাজউদ্দিন খানের প্রশ্ন ছিল— সেচকাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সোলার বিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? জবাবে সরকারপ্রধান বলেছেন, ‘জি, বর্তমান সরকারের এই পরিকল্পনা রয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে ডিজেলচালিত পানির পাম্পের বদলে সৌরবিদ্যুৎ চালিত পাম্প স্থাপন করা হবে।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন বিকাল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথম আধাঘণ্টা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীর জন্য ৮টি তারকাচিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। এরমধ্যে তিনটি প্রশ্ন ও ৭টি সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’
০৯ সেপ্টেম্বর ২০২৬
তাজউদ্দিন খানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানীকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। এরই মধ্যে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। সে অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বললেন, ‘সৌরবিদ্যুতের স্টোরেজের জন্য দুই ধরনের ব্যাটারি আছে। একটি হচ্ছে, লেড ব্যাটারি— যেটা নরমাল ট্রেডিশনের ব্যাটারি; আরেকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যা পরিবেশবান্ধব। বর্তমান সরকার লিথিয়াম এনকারেজ করার চেষ্টা করছে। লিথিয়াম ব্যাটারি তৈরির ক্ষেত্রে যেসব কলকারখানা স্থাপিত হবে, সেগুলোকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে সরকার।’




