ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ শতাংশই লাইসেন্সহীন

গ্রাফিকস: আগামীর সময়
ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। তাদের ৭৮ দশমিক ২ শতাংশই ভাড়ায় রিকশা চালান। এ ছাড়া আয় বন্ধ হয়ে গেলে ৬১ দশমিক ৯ শতাংশ চালকের পরিবারের এক সপ্তাহের খরচ চালানোর সামর্থ্য নেই।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপে ব্র্যাকের প্রকাশিত এক গবেষণার সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে। ‘ব্যাটারিচালিত রিকশা : জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক গবেষণায় চালকদের জীবনযাপন, আয়, কর্মপরিবেশ ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, চালকদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
গবেষণায় আরও বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিকশা ভাড়া নেওয়া, ব্যাটারি চার্জ দেওয়া ও পরিবর্তন, মেরামত এবং দুর্ঘটনার সময় সহায়তার জন্য চালকেরা গ্যারেজের ওপর নির্ভরশীল। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং পুরনো সিসা-অম্ল ব্যাটারির অনিরাপদ উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘গবেষণায় যতগুলো ব্যাটারিচালিত রিকশার কথা বলা হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি রিকশা রাস্তায় চলাচল করছে। আমরা শিগগিরই একটি নীতিতে আসব, যাতে সবার দুর্ভোগই কমে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘কাজের প্রয়োজনে বা বেকার সমস্যা সমাধানের জন্য রিকশা, নাকি জনগণের চলাচলের প্রয়োজনে রিকশা, এটা আমাদের ঠিক করতে হবে। এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে অর্ধেক সমস্যা ঠিক হয়ে যাবে।’
গবেষণায় চালকদের জীবিকার সুরক্ষা, সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত ও টেকসই নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।




