৭ নভেম্বর সাধারণ ছুটি

সংগৃহীত ছবি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।
গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এ দিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে। অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা আছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে। তাই দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।



