সন্ধ্যায় সরোয়ার আলমগীরকে শপথ পড়াবেন স্পিকার

সরোয়ার আলমগীর—ফাইল ছবি
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে (ইসি) গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এদিন বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।
এর আগে, আজ সকালে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানান আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান জামায়াতের আইনজীবীরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। পরে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন হাইকোর্ট।




