সংবাদ সম্মেলনে পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়
অভিযোজন অর্থায়ন ১২০ বিলিয়ন ডলার করার আহ্বান বাংলাদেশের
- জলবায়ু অর্থায়ন সহজলভ্য করায় তাগিদ
- আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার দাবি
- চার দিনেও চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত

ছবি: আগামীর সময়
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০৩৫ সালের আগে অভিযোজন অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্রুপের সদস্য হিসেবে এই তহবিল তিনগুণ বাড়ানোর পাশাপাশি জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তা বাড়ানো এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
আজ শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে যৌথভাবে এ আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়। এতে ব্রিফ করেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সংসদ সদস্য মানসুরা আক্তার।
সংবাদ সম্মেলনে আটটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান, কার্বন নিঃসরণ কমানো, ন্যায়সংগত রূপান্তর, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, কপ-৩১-এর আনুষ্ঠানিক আলোচনার প্রথম চার দিন শেষ। পঞ্চম দিনের আলোচনা চললেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে রয়ে গেছে মতপার্থক্য। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত আলোচনাগত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। চলতি সপ্তাহের আলোচনাকে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত এবং জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা মানুষের জন্য বাস্তব সহায়তায় রূপ দেওয়াই এখন অগ্রাধিকার।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততার অনুপ্রবেশ, তাপপ্রবাহসহ জলবায়ুজনিত বিভিন্ন ঝুঁকি মানুষের জীবন, জীবিকা ও উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। তারপরও উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত ধারার (বিজনেস-অ্যাজ-ইউজুয়াল বা বিএইউ) পরিস্থিতির তুলনায় নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ৩৯ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কবার্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) বৃহস্পতিবার ঘোষণা করেছে, বাংলাদেশ প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকে ৩ কোটি ডলার করে পাওয়ার প্রত্যাশা করছে। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে ব্যবহার করা হবে,— তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন বা বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনায় বেলেম অ্যাডাপটেশন ইন্ডিকেটরস এবং বেলেম-আদ্দিস ভিশন বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ এমন সূচক চায়, যার মাধ্যমে অতিরিক্ত প্রতিবেদন তৈরির চাপ সৃষ্টি না করে জলবায়ু সহনশীলতার প্রকৃত উন্নতি পরিমাপ করা সম্ভব হবে। এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রম এবং এলডিসি গ্রুপের প্রস্তাবিত এনএপি বাস্তবায়ন প্ল্যাটফর্ম গঠন করতে হবে।
ক্ষয়ক্ষতি ও লোকসান মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজের (এফআরএলডি) অর্থের অপ্রতুলতার বিষয়টিও আলোচনায় তুলে ধরা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা বললেন, জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় এ তহবিলের অর্থ পর্যাপ্ত নয়। বাংলাদেশ এ তহবিলে অর্থ বাড়ানো, সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং অর্থনৈতিক ও অনার্থিক—উভয় ধরনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্যারিস চুক্তির ৬.২ অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অবকাঠামোর টেকসই অর্থায়ন, কারিগরি বিশেষজ্ঞদের পর্যালোচনা এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এমন ন্যায়সংগত ব্যবস্থা সমর্থন করে, যা স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য অতিরিক্ত বাধা সৃষ্টি করবে না।
আলোচকরা বললেন, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পর্যবেক্ষণ ও নজরদারির ঘাটতি তুলে ধরে শক্তিশালী জল-আবহাওয়াসংক্রান্ত সেবা, আগাম সতর্কবার্তা ব্যবস্থা এবং জলবায়ু তথ্যের ওপর গুরুত্ব দিয়েছে। প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যানের কার্যকর বাস্তবায়নের পক্ষেও অবস্থান জানিয়েছে।
জলবায়ু-সম্পর্কিত একতরফা বাণিজ্যিক পদক্ষেপ নিয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ করে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) কারণে উন্নয়নশীল দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও রপ্তানি খাত অসম প্রভাবের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলবায়ুনীতিতে ন্যায্যতা, সহযোগিতা এবং অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বলা হয়, বাংলাদেশের জন্য জলবায়ু আলোচনা শেষ পর্যন্ত মূল্যায়িত হতে হবে মানুষের জন্য কী সুফল বয়ে আনছে তার ভিত্তিতে। কপ-৩১-এর সাফল্য সিদ্ধান্তের দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করা হবে না। বরং প্রতিশ্রুত সহায়তা জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো, তাদের জীবিকার সুরক্ষা এবং ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সম্মেলনের সাফল্য নির্ধারণ হবে।




