বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ স্থগিত

সংগৃহীত ছবি
আগামী ১৭-১৮ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। ঢাকায় দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।
সূত্র জানায়, দুদেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুদেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে।



