লেখক-অনুবাদক ফজলে রাব্বি মারা গেছেন

সংগৃহীত ছবি
জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক, লেখক, অনুবাদক ও গ্রন্থাগার সংগঠক ফজলে রাব্বি (৯২) আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক পুত্র, দুই কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান-১ জামে মসজিদে (ভোলা মসজিদ) অনুষ্ঠিত হয়। মরহুমকে আগামীকাল সোমবার বাদ ফজর নবাবগঞ্জের আগলায় দাফন করা হবে।
ফজলে রাব্বি বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করে প্রায় দেড় দশক দায়িত্ব পালন করেন। তিনি একুশে বইমেলার অন্যতম সংগঠক এবং নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা।
তার রচিত বইয়ের মধ্যে আছে ছাপাখানার ইতিকথা, স্মৃতিতে বাংলা একাডেমী, গ্রন্থকেন্দ্রের দিনগুলো, বাংলাদেশর গ্রন্থ ও গ্রন্থাগার, ভ্রমণে স্বদেশ ও বিদেশ ইত্যাদি। অনূদিত বইয়ের মধ্যে আছে মুখতার লুবিসের ভয়, মাইকেল জ্যাকসনের আমার কথা ইত্যাদি।



