কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সৌদি হয়ে ফেরার উদ্যোগ

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এই পরিস্থিতিতে তাদের দেশে ফেরাতে সৌদি আরব হয়ে বিকল্প রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকার আকাশপথ বন্ধ রাখায় স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটি কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।
তবে সৌদি আরবে প্রবেশের জন্য যাত্রীদের ট্রানজিট ভিসা বা বিশেষ অনুমতি প্রয়োজন হবে। এই প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ দূতাবাস কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে জাজিরা এয়ারওয়েজ ইতোমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের বাসে করে কুয়েত-সৌদি সীমান্ত পার করে কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে পৌঁছে দিচ্ছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্যও একই ধরনের ব্যবস্থা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এছাড়া যেসব প্রবাসীর জরুরি ভিত্তিতে যাতায়াত প্রয়োজন, তাদের জন্য স্থলপথে সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে ট্রানজিট ভিসা প্রক্রিয়া সহজ করতে ‘বিশেষ উদ্যোগ’ নেওয়া হয়েছে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে শিগগিরই একটি সমন্বিত সমাধান আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



