এবার পদোন্নতি পেলেন সেই পুলিশ কর্মকর্তা কোহিনূর

কোহিনূর মিয়া
১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদে দেওয়া হয়েছে ভূতাপেক্ষ পদোন্নতি।
আজ রবিবার জারি করা হয়েছে এই সংক্রান্ত প্রজ্ঞাপন।
এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি-পশ্চিম) মো. কোহিনূর মিয়াকে (বিপি-৬৭১১০২০৯২১) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হলো। এই পদোন্নতি ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে কার্যকর হবে বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্ণিত কর্মকর্তা বিধি মোতাবেক প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে জারিকৃত এই আদেশ।
এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির বিশেষ নির্দেশনায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার। পুনর্বহালের এক মাস পার হওয়ার আগেই এবার বড় ধরনের পদোন্নতি পেলেন কোহিনূর।

