টোকিওতে তারেক-তাকাইচি শীর্ষ বৈঠক শুরু
- বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: আগামীর সময়
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দলের অভিবাদন গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে জাপানের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তারেক রহমানকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্কবিষয়ক সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে রয়েছেন।
চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।



