নারীবান্ধব জলবায়ু অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের

সংগৃহীত ছবি
জলবায়ু অভিযোজন ও সহনশীলতা অর্জনের লক্ষ্যে নারীবান্ধব, সুনিশ্চিত, সহজলভ্য এবং ব্যয়মুক্ত অর্থায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১-এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পলিসি টু প্র্যাকটিস: বাংলাদেশে লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও ঘাটতিগুলো তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন যে, অভিযোজন প্রক্রিয়ার নকশাতেই নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং অংশগ্রহণের সুযোগ অন্তর্ভুক্ত থাকতে হবে— এগুলো যেন পরবর্তী কোনো সংযোজন হিসেবে দেখা না হয়। তিনি উল্লেখ করেন, দেশের উদ্যোগগুলোর মধ্যে নারীদের জন্য আলাদা সুবিধাসম্পন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য থাকতে হবে। লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম কখনোই যেন শুধু একটি বিচ্ছিন্ন প্রকল্প না হয়, বরং এটি পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন এবং সহনশীলতা পর্যবেক্ষণের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, যখন নারীরা নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করেন, তখন সমাজ আরও বেশি সহনশীল হয়ে ওঠে এবং ভবিষ্যৎ আরও নিরাপদ হয়।
এদিকে, কপ-৩১-এর পার্শ্ববৈঠকে এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল দলামিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে এসওয়াতিনির পর্যটন ও পরিবেশবিষয়কমন্ত্রী জেন এমখন্টা-সিমেলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
আলোচনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, সহজলভ্য ও পূর্বাভাসযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা এবং একটি ন্যায়সঙ্গত রূপান্তর অর্জনের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসওয়াতিনির প্রধানমন্ত্রী জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতে কপ-৩১-এর দিকে সহযোগিতার সেতুবন্ধন তৈরির বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। প্লাস্টিকের জৈব-পচনশীল বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরে প্রতিমন্ত্রী এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ ছাড়া বাংলাদেশের পোশাক খাতের টেকসই উদ্যোগের কথা উল্লেখ করে এসওয়াতিনিকে সাশ্রয়ীমূল্যে পোশাক আমদানির আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ১৫০টির বেশি দেশে গুণমানসম্পন্ন ওষুধ রপ্তানি করা বাংলাদেশের ওষুধ শিল্প এসওয়াতিনির চাহিদা পূরণে প্রস্তুত। কমনওয়েলথ ও গ্লোবাল সাউথের অংশীদার হিসেবে দুদেশ বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে সম্মত হয়। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে এসওয়াতিনির অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। বৈঠকের শেষে তিনি এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটজাত কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন।



