সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি নিহতের পরিবারের স্থায়ী আবাসন, সন্তানদের শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গত ১০ অক্টোবর বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা রিয়াদের ওই বিমানবন্দরে হামলার শিকার হয়। এতে কাফেলার দলনেতা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি নিহত হন এবং কয়েকজন আহত হন। হামলার খবর পেয়ে ধর্মমন্ত্রী সৌদি আরব মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা নেন। এছাড়া মন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।
এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার রাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানান। পাশাপাশি তাদের জন্য উন্নতমানের আপ্যায়ন ও নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়।
ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ উল্লেখ করেন, মন্ত্রীর নির্দেশনায় ওমরাহযাত্রীদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং প্রয়োজনে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিপদের দিনে পাশে থাকার জন্য ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



