সম্পদবিবরণী না দিলে পে স্কেল না দেওয়ার আহ্বান টিআইবির

সরকারি কর্মজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তবে নতুন বেতন ও ভাতার সুবিধা কার্যকর করার আগে সরকারি কর্মজীবী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রতি বছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এতে তিনি বলেছেন, যারা প্রতি বছর নিজেদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, শুধু তাদের জন্যই নতুন বেতন-ভাতা বৃদ্ধি প্রযোজ্য হওয়া উচিত।
যারা তা করবেন না, তাদের জন্য নতুন পে স্কেল প্রযোজ্য না করার কথাও বলেছে টিআইবি। সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ফলে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে টিআইবি।
সংস্থাটির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই স্বল্প আয়ের মানুষসহ সাধারণ জনগণ চাপে রয়েছে। নতুন বেতন কাঠামোর কারণে মূল্যস্ফীতির চাপ আরও বাড়লে তাদের দুর্ভোগও বাড়তে পারে।







