রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ২১ অক্টোবর থেকে দাম্মাম রুট চালুর পরিকল্পনা

সংগৃহীত ছবি
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচির বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।




