বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘বিইউপি আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন-২০২৬’। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী ও প্রতিনিধি। এ ছাড়া সম্মেলনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী পর্ষদের ৪০ জন সদস্য।
শনিবার (১৭ অক্টোবর) বিইউপির স্বাধীনতা মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘের কার্যক্রমের আদলে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য বৈশ্বিক কূটনীতি সম্পর্কে শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বাড়ানো। তিন দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা নেতৃত্ব, আলোচনা ও সমঝোতার দক্ষতা অর্জনের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।




