স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর ইঙ্গিত

সংগৃহীত ছবি
প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে। একই সঙ্গে অভিবাসী কর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।’
তিনি জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ করতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদন সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে) ব্যবহার করে আবেদন গ্রহণ করা হচ্ছে।’
এ ছাড়া বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্টসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ আরও সহজ করতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে বাসায় পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১৮ বছর বা তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা ইতোমধ্যে চালু করা হয়েছে।




