ঢাকায় আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
বহুল প্রতীক্ষিত ঢাকা সফরে আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন তিনি। আজ শনিবার আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার ছিল আনোয়ার ইব্রাহিমের। অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল দুই শীর্ষ নেতার। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করে। এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। ওই সফরের সঙ্গে বেইজিংকেও যুক্ত করেছিলেন তিনি।
অন্যদিকে বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফর হওয়ার কথা ছিল এটি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।




