সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

গোলাম সারোয়ার মিলন
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন।
আজ রবিবার ভোরে ঢাকার নিজ বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সাবেক এ সংসদ সদস্য স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে তিনি দায়িত্ব পালন করেন শিক্ষা উপমন্ত্রী হিসেবে। এছাড়া পরবর্তী সময়ে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

