বিমসটেক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
গতকাল বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস। বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম এ সম্মেলনে সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বললেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যানসার-প্রতিরোধী টিকার কভারেজ ২ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।



