হতেও পারে

আজ থেকে কয়েক বছর পর পৃথিবীর জনসংখ্যা কত হবে, তা বলা কঠিন। তবে অনুমান ও গবেষণার ওপর অনেক বিজ্ঞানীদলই দিয়েছেন নানান অনুমান। পৃথিবীতে মানুষের সংখ্যা ২০৩০ সালে যতই থাকুক না কেন, তাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, সেই কথা প্রায় নিশ্চিত! এমনকি ভবিষ্যতে মানুষের চেয়ে হয়তো এআইয়ের সঙ্গে আলোচনা বেশি হবে প্রত্যেকের। যুক্তরাষ্ট্রের বহুজাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের প্রেসিডেন্ট লিসা সু পূর্বাভস দিয়েছেন, ২০৩০ সাল নাগাদ প্রতিদিন বিশ্বের ৫০০ কোটি মানুষ ব্যবহার করবে এআই! চলতি বছরের মে মাসে চীনের সাংহাইয়ে প্রতিষ্ঠানটির আয়োজিত ‘এআই ডেভেলপার ডে’-তে এই ভবিষ্যদ্বাণী করেন সু।
তার দেখানো হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে সক্রিয় এআই ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। ২০২৫ সালে তা বেড়ে ছাড়িয়েছে ১০০ কোটি! আর আগামী চার বছরে সেই সংখ্যা পৌঁছাতে পারে ৫০০ কোটিতে! অর্থাৎ, এআই শুধু প্রযুক্তিপ্রেমীদের খেলনা হয়ে থাকবে না; হয়ে উঠবে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুর মতে, এই পরিবর্তনের সঙ্গে বদলে যাবে কম্পিউটিংয়ের দুনিয়াও। গ্রাফিকস প্রোসেসিং ইউনিটের ওপর (জিপিইউ) নির্ভর প্রযুক্তির পাশাপাশি গুরুত্ব বাড়বে সেন্ট্রাল প্রোসেসিং ইউনিটের (সিপিইউ)। ভবিষ্যতের এআই অবকাঠামোয় সিপিইউ-জিপিইউর অনুপাত এগোচ্ছে ১:১-এর দিকে। সু বলেছেন, যথাযথ সরঞ্জাম ও পর্যাপ্ত কম্পিউটিং ক্ষমতা থাকলে একজন ব্যক্তি এখন এমন সব কাজ সম্পন্ন করতে পারেন, যার জন্য কয়েক বছর আগেও একটি পূর্ণাঙ্গ দলের প্রয়োজন হতো।



