প্রকাশিত সংবাদে আদনান ইমামের প্রতিবাদ

মোহাম্মদ আদনান ইমাম
গত ১৩ আগস্ট আগামীর সময়ে ‘পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও এনআরবিসি ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। একই সঙ্গে এসব অভিযোগ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন তিনি।
বিবৃতিতে মোহাম্মদ আদনান ইমাম জানান, তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ও সেখানে বেড়ে ওঠা একজন অনাবাসী বাংলাদেশি (এনআরবি)। ৩৫ বছর ধরে তিনি সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রোপার্টি ডেভেলপার হিসেবে ক্যারিয়ার ও ব্যবসা পরিচালনা করছেন। তিনি দাবি করেন, বাংলাদেশে ব্যাংকিং লেনদেন বা ব্যবসায়িক কর্মকাণ্ড শুরুর অনেক আগেই যুক্তরাজ্যে তার সম্পদ ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে। লন্ডনের সম্পত্তিগুলো মূলত বৈধ মর্টগেজ, ডেভেলপমেন্ট ফাইন্যান্স এবং যুক্তরাজ্যের ব্যবসায়িক মুনাফার পুনঃবিনিয়োগের মাধ্যমে অর্জিত হয়েছে, যা যুক্তরাজ্যের সরকারি ও করপোরেট নথিপত্রের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব।
প্রতিবেদনে ‘পলাতক’ হিসেবে উপস্থাপনের কঠোর সমালোচনা করে মোহাম্মদ আদনান ইমাম জানান, তিনি স্থায়ীভাবেই যুক্তরাজ্যে বসবাস করেন এবং এটিই তার দীর্ঘকালীন আবাস, তাই দেশ ছেড়ে পালানোর প্রশ্ন অবান্তর।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি সম্পূর্ণভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিট (বিএফআইইউ) দাখিল করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের কোনো নিজস্ব মতামত বা মন্তব্য যুক্ত করা হয়নি।






