বোধ হয়

ঘরের এক কোণে পড়ে আছে এক জোড়া নীল জুতা। একসময় যেটির কদর ছিল অনেক, এখন তার গায়ে শুধুই ধুলোর আস্তরণ। পাশের আলমারিতেও পড়ে আছে কয়েকটি জামা। একসময় সেগুলো ছাড়া দিন চলত না, এখন নজরে না এলে মনেও পড়ে না! ফ্যাশনের দুনিয়ায় পোশাকের আয়ু বোধহয় সবচেয়ে কম! তবে ২০৪০ সালে জামাকাপড়ের এই একই গল্প হতে পারে অন্যরকম। সেই পুরনো জুতা নতুন করে কারও পছন্দের হতে পারে। বাতিল জামা হয়ে উঠতে পারে নতুন কোনো ফ্যাশন স্টেটমেন্ট! একটু বুদ্ধি, কিছু প্রযুক্তি আর নতুন ব্যবসায়িক ভাবনা থাকলে এমন পরিবর্তন অসম্ভব নয় বলে ২০২০ সালে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কৌশল ও ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি।
তাদের ‘নিউ নর্মাল’ প্রজেক্টে কাজ করা তিনজন কর্মকর্তা মিরিয়াম লোবিস, কার্ল হেন্ড্রিক ম্যাগনাস ও আনা গ্রানস্কোগ বিস্তারিত জানিয়েছেন ভবিষ্যতের পোশাক দুনিয়া সম্পর্কে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ফ্যাশন মানেই নতুন পোশাক, নতুন ডিজাইন আর নতুন ট্রেন্ড। পোশাকের এই দ্রুত পরিবর্তন পরিবেশের ওপর তৈরি করে চাপ। ফলে অতিরিক্ত উৎপাদন, কাপড়ের অপচয় এবং কার্বন নিঃসরণ এই শিল্পের বড় চ্যালেঞ্জ। তবে তাদের মতে, ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে এই চিত্র বদলের। ম্যাককিনসির বিশ্লেষণ অনুযায়ী, আগামী দিনে ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টেকসই উৎপাদন। বাড়তে পারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদাও। এতে করে ব্র্যান্ডের জনপ্রিয়তা শুধু ডিজাইনের ওপর নির্ভর করবে না। গ্রাহকদের কাছে পরিবেশের প্রতি দায়িত্বশীলতাও হয়ে উঠতে পারে বড় বিষয়। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সার্কুলার ফ্যাশন। অর্থাৎ পুরনো পোশাক বিক্রি, ভাড়া দেওয়া, মেরামত এবং আবার ব্যবহার করার ধারণা হতে পারে জনপ্রিয়। একটি পোশাকের জীবন একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নতুন মালিকের কাছে পৌঁছে সেটি পেতে পারে আরেকটি জীবন। ভবিষ্যতের ফ্যাশন হয়তো শুধু নতুনত্বের গল্প বলবে না। বলবে দায়িত্বশীলতা, পুনর্ব্যবহার এবং দীর্ঘস্থায়িত্বের গল্প। স্টাইল থাকবে, তবে তার সঙ্গে যুক্ত হবে পৃথিবীকে ভালো রাখার নতুন সম্ভাবনা।



