পথের দাবী— ছায়াময় চেতনার জানলায়, গ্রীষ্মের রোদ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রাফিক্স: আগামীর সময়
“...রাজশক্তির আছে গায়ের জোর, তার বিরুদ্ধে কর্ত্তব্যের খাতিরে যদি দাঁড়াতেই হয় তাহলে অপর পক্ষে থাকা উচিত চারিত্রিক জোর— অর্থাৎ আঘাতের বিরুদ্ধে সহিষ্ণুতার জোর। কিন্তু আমরা সেই চারিত্রিক জোরটাই ইংরেজ-রাজের কাছেই দাবী করি নিজের কাছে নয়। তাতে প্রমাণ হয় যে, মুখে যাই বলি নিজের অগোচরে ইংরেজকে আমরা পূজা করি— ইংরেজকে গাল দিয়ে কোনো শাস্তি প্রত্যাশা না করার দ্বারাই সেই পূজার অনুষ্ঠান।...” পথের দাবী প্রসঙ্গে শরৎচন্দ্রকে লেখা রবীন্দ্রনাথের চিঠি (২৭ মাঘ ১৩৩৩)
এটা ইংরেজির ২০২৬, ১৪৩৩ বঙ্গাব্দ। কিছুকাল আগেই, ‘পথের দাবী’ দেশবিরোধী বলে মাটিতে লুটিয়েছে শাসকের রোষে। আমরা চিৎকার করেছি। মিছিল করেছে বইপ্রেমীরা। কিন্তু রবি ঠাকুরের লেখা চিঠির এই অংশটি আমাকে থামিয়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে ‘পথের দাবী’ বেশ কয়েকবার পড়া। অস্বীকার করি না, এ বই রক্তে বিপ্লবের বীজ বুনে দেয়। বিপ্লব বলতে আবার অস্ত্রশস্ত্রের কথা ভাবলেন নাকি? আরে না, না। পূতিগন্ধময় চিন্তার আবর্জনা সরিয়ে আলোময় চেতনার যে বিপ্লব, তার বীজ। আর সত্য, চেতনার এক অমোঘ অস্ত্র; অন্যায়ের আঘাত সহ্য করবার ক্ষমতা। ছেলেবেলায় ঠাকুমার কাছেই শুনেছি, যে সয়, সে রয়। ‘পথের দাবী’র ক্ষেত্রেও কি তা সত্যি নয়? একটি বই যার আজ শততম প্রকাশ উদ্যাপন করছে সমস্ত চিন্তাশীল ভারত। যে বই আজও মুক্ত চিন্তার লাইব্রেরিতে প্রথম সারিতে থাকে। তা তো সহ্য করেই! না হলে যে কেশবচন্দ্র গুপ্ত-এর কথাই সত্যি হত, “...“পথের দাবী” লোপ পাইয়া শরৎচন্দ্রকে রাহুমুক্ত করিয়াছে।” (‘অর্চ্চনা’ পত্রিকা, ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ)
এখানে কেশবচন্দ্রের কেবল একটি মাত্র লাইন উদ্ধৃত করলে অন্যায় হবে। আসুন, প্রথমে ‘পথের দাবী’ নিয়ে তাঁর আলোচনার অংশটি পড়ে দেখি—
“প্রসিদ্ধ ঔপন্যাসিক শ্রীযুক্ত শরৎচন্দ্রের “পথের দাবী” সরকার বাজেয়াপ্ত করিয়াছেন। এক কলমের খোঁচায় কোনও সাহিত্যিক দার্শনিক বা কবির স্বাধীন চিন্তাকে সীমাবদ্ধ করিবার অধিকার বহুদিন সরকার এদেশে নিজস্ব করিয়া রাখিয়াছেন। সুতরাং যে কোনও সন্দর্ভ বাজে কাগজের ঝুড়ির মধ্যে নিক্ষেপ করিবার ক্ষমতা এখন আইন-মূলক রাজশক্তির অন্তর্ভূত। যাঁদের হাতে এই রাজ অধিকার ন্যস্ত, তাঁদের বুদ্ধিমত্তা, বিচার-ক্ষমতা ও কল্পনার সাহিত্যিকের কল্পনা মুখাপেক্ষী। ইহার অনিবার্য্য ফলে হয় এক পক্ষের কল্পনা শৃঙ্খলাবদ্ধ— অপর পক্ষের কল্পনা উদ্দাম ও অসীম।
শরৎচন্দ্র বাঙ্গালার জনপ্রিয় ঔপন্যাসিক। কথাসাহিত্যের তিনি “রথী” বলিয়া বর্ণিত হন। তাঁহার বর্ণনার ভঙ্গীতে বিশেষত্ব আছে। কাজেই তাঁহার পাকা হাতের লেখা পড়িবার জন্য বাঙ্গালী পাঠকের এত আগ্রহ। তাঁহার নিগ্রহের কথা তাই সকল কণ্ঠে এবং এই নিগ্রহ শরৎচন্দ্রকে আরও জনপ্রিয় করিয়াছে। সাহিত্যের দিক হইতে ধীরভাবে দেখিলে আমার মনে হয় যে “পথের দাবী” লোপ পাইয়া শরৎচন্দ্রকে রাহুমুক্ত করিয়াছে। কারণ, এই পুস্তকের লেখক যদি “রথী” শরৎচন্দ্র না হইতেন, লোকে পথের দাবীকে উচ্চ শ্রেণীর উপন্যাস বলিত না।...”
সত্যিই কি তাই? এ-উপন্যাস যদি মানবতার গভীরে আলো না স্থাপন করতে পারতো, তাহলে আজ সে উপন্যাসের শতবর্ষ নিয়ে এত মাতামাতি হত কি? কেশবচন্দ্রের মনে হয়েছিলো, ‘পথের দাবী’র কিছু অংশ বাদ দিলেই সরকারের কাজ হয়ে যেত। তাহলেই আর শরৎচন্দ্রের এই উপন্যাসখানি সে-সময়ের ছেলে ছোকরাদের মাথা খেতে পারতো না। তারপর উপন্যাসটিতে যা পড়ে থাকতো তা কেবলই পাঁচকড়ি দে-র রোমাঞ্চকর ডিটেকটিভ আখ্যান! যদিও তা হয়তো মনে করেননি রবীন্দ্রনাথ। তাঁর চিঠির শেষাংশে তিনি লিখছেন, “তুমি যদি কাগজে রাজবিরুদ্ধ কথা লিখ্তে তাহলে তার প্রভাব স্বল্প ও ক্ষণস্থায়ী হত— কিন্তু তোমার মত লেখক গল্পচ্ছলে যে কথা লিখবে তার প্রভাব নিয়ত চল্তেই থাকবে। দেশে ও কালে তার ব্যাপ্তির বিরাম নেই— অপরিণত বয়সের বালক বালিকা থেকে আরম্ভ করে বৃদ্ধরা পর্য্যন্ত তার প্রভাবের অধীনে আসবে। এমন অবস্থায় ইংরেজ-রাজ যদি তোমার বই প্রচার বন্ধ করে না দিত তাহলে এই বোঝা যেত যে সাহিত্যে তোমার শক্তি ও দেশে তোমার প্রতিষ্ঠা সম্বন্ধে তার নিরতিশয় অবজ্ঞা বা অজ্ঞতা। শক্তিকে আঘাত করলে তার প্রতিঘাত সইবার জন্যে প্রস্তুত থাকতে হবে। এই কারণেই সেই আঘাতের মূল্য— আঘাতের গুরুত্ব নিয়ে বিলাপ করলে সেই আঘাতের মূল্য একেবারেই মাটি করে দেওয়া হয়।” কেশবচন্দ্রের মতে যা কেবলই এক কাল্পনিক গোয়েন্দা উপন্যাস, যা শরৎবাবুর লেখা না হলে জাস্ট ধুলোয় মিশিয়ে দেওয়া যেত, তা-ই রবীন্দ্রনাথ মনে করছেন, দেশ-কালের গণ্ডি পেড়িয়ে এর প্রভাব থেকে যাবে। আর সে কারণেই বাঙালি লেখকের এই উপন্যাস তৎকালীন শাসককে ব্যান করে অহংকার অর্জন করতে হয়েছিলো। যে পরম্পরা আজও বয়ে চলেছে, বুক স্টল থেকে ‘পথের দাবী’ তুলে ধুলায় ফেলা পর্যন্ত। এ-দৃশ্য স্বাধীন ভারতে বসে যদি দেখতেন শরৎবাবু তাহলে হয়তো আবার লিখতেন, “কিন্তু বইখানা আমার একার লেখা, সুতরাং দায়িত্বও একার। যা’ উচিত বলে মনে করি, তা বলতে পেরেছি কিনা এইটেই আসল কথা। নইলে (ইংরেজ) সরকারের ক্ষমাশীলতার প্রতি আমার কোন নির্ভরতা ছিল না। আমার সমস্ত সাহিত্য সেবাটাই এই ধরণের। যা উচিত মনে করেছি তাই লিখে গেছি।” (২ ফাল্গুন ১৩৩৩)
আজ প্রায় শতবর্ষ পরে যখন এসে ‘পথের দাবী’ ফিরে পড়ি, ভাবতে অবাক লাগে, সেদিনের দ্বন্দ্ব, দ্বিধা কিছুই পালটায়নি! অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ কেমন হবে, আর কেমন হবে না, তা নিয়ে একই রকম চিৎকার শোনা যায় আজকের শিক্ষিত সমাজের কাছে। প্রতিবাদ পথে নামলেই, একদল শান্তির বার্তা নিয়ে বসেন। তাঁদের কথা, ওসব কেন, শান্তিতে মেটানো যায় না! যদিও তারও উত্তর দিয়েছেন শরৎচন্দ্র ‘পথের দাবী’তেই—
“শান্তি! শান্তি! শান্তি! শুনে শুনে কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। কিন্তু এ অসত্য এতদিন ধরে কারা প্রচার করেছে জানো? পরের শান্তি হরণ করে যারা পরের রাস্তা জুড়ে অট্টালিকা প্রাসাদ বানিয়ে বসে আছে তারাই এই মিথ্যামন্ত্রের ঋষি। বঞ্চিত, পীড়িত, উপদ্রুত নরনারীর কানে অবিশ্রান্ত এই মন্ত্র জপ করে করে তাদের এমন করে তুলেছে যে, আজ তারাই অশান্তির নামে চমকে উঠে, ভাবে এ বুঝি পাপ, এ বুঝি অমঙ্গল!… তাই ত আজ দীন-দরিদ্রের চলার পথ একেবারে রুদ্ধ হয়ে গেছে।”
আজকের মধ্যবিত্ত শ্রেণীও বেঁচে থাকে সেই বিশাল অট্টালিকার ছায়াতলেই। তাই প্রকৃত আলোকে তারা মনে করেন, সে বিত্তশালীর সম্পদ। যদি কখনও কেউ মনে করান, আলো তো সকলের, মনের সায় তাতে থাকে, কিন্তু তাকে অধিকার ভেবে দাবী করতে ভয় লাগে। রাষ্ট্র শৃঙ্খলে এমনই পরাধীন তারা। আর এটুকু কথা বলতে আমাকে যত শব্দ ব্যবহার করতে হল, শরৎবাবু মাত্র দুটি বাক্যে তা বুঝিয়ে দেন এবং আঘাত হানেন এই মধ্যবিত্ত সমাজের ছায়া-পড়া চেতনায়। “বাঁধা গরু অনাহারে দাঁড়িয়ে মরতে দেখেছ? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে তবু সে জীর্ণ দড়িটা ছিঁড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করেনা।” এমন আঘাতে মধ্যবিত্ত ছায়াময় চেতনা খানিক অপমানিত হয় বইকী! না হলে কেশবচন্দ্র এই উপন্যাসকে কেবলমাত্র অতিমানবীয়, গোয়েন্দা উপন্যাস বলে দাগিয়ে দিতেন?
এতটা পড়ে আজকের সাহিত্যবোদ্ধারা হয়তো বা বলবেন, রবি ঠাকুরও তো সমর্থনই করেছেন কেশবচন্দ্রের বক্তব্যকে। উদ্ধৃতি দিতে পারেন, “শক্তিমানের দিক দিয়ে দেখ্লে তোমাকে কিছু না বলে তোমার বইকে চাপা দেওয়া প্রায় ক্ষমা।” যা বহু লিখিত উদ্ধৃতি হলেও, পরের বাক্যগুলি আমরা সযত্নে এড়িয়ে যাই। “অন্য কোনো প্রাচ্য বা প্রতীচ্য বিদেশী রাজার দ্বারা এটি হ’ত না। আমরা রাজা হলে যে হতই না সে আমাদের জমিদারের ও ভারতীয় রাজন্যের বহুবিধ ব্যবহারে প্রত্যহই দেখ্তে পাই। কিন্তু তাই বলে কি কলম বন্ধ করতে হবে?” আমার দৃঢ় বিশ্বাস, রবীন্দ্রনাথের এই বইটিকে নিয়ে আপত্তি কিছুই ছিলো না, তাঁর আপত্তি কেবলমাত্র বইটিকে নিষিদ্ধ করবার পর তাকে মুক্ত করবার যে ব্যাকুলতা লেখক দেখিয়েছিলেন তা নিয়ে। যদিও একজন লেখক হিসেবে আমি ওই ব্যাকুলতারও কোনো দোষ দেখি না, আবার রবীন্দ্রনাথের আঘাত সইবার ক্ষমতা অর্জনকেও ছোটো করে দেখতে পারি না। শরৎচন্দ্র নিজেও যে দেখেছেন তাও মনে করি না আমি। না হলে নিজের লেখা চিঠিখানি রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে দিয়ে আত্মপ্রসাদ অনুভব করতেন। যে ‘হৃদয়াবেগে’ তিনি এই চিঠিটি লিখেছিলেন, তাকে তিনি তাঁর চেতনা দখল করতে দেননি। ‘পথের দাবী’ নিয়ে আজও রবিবাবু এবং শরৎবাবুর যে লড়াইকে আমরা মুচমুচে নিমকি করে পরিবেশন করি, তাতে যতিচিহ্ন টানবার দায় আমাদেরই। এ-লেখার শেষে তাই দুজনের সম্পূর্ণ চিঠি জুড়ে দিলাম। আর এই উপন্যাস থেকে আজকের এবং আগামীর পাঠকের কী প্রাপ্য, তাও বইটির মধ্যেই লুকিয়ে রইলো। সে আগুনের খোঁজ আপনার, পাঠকের। এ-আগুন সব পুড়িয়ে ছারখার করে না, ছায়াময় চেতনার জানলায় গ্রীষ্মের প্রথম রোদটুকু এনে ফেলে মাত্র।
‘পথের দাবী’ পাঠের পর রবীন্দ্রনাথের লেখা চিঠি শরৎচন্দ্রকে।
২৭শে মাঘ, ১৩৩৩
কল্যাণীয়েষু,
তোমার ‘পথের দাবী’ পড়া শেষ করেছি। বইখানি উত্তেজক। অর্থাৎ ইংরেজের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্ত্তব্য হিসাবে সেটা দোষের না হতে পারে— কেন না লেখক যদি ইংরেজ-রাজকে গর্হণীয় মনে করেন তাহলে চুপ করে থাকতে পারেন না। কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে, সেটুকু স্বীকার করাই চাই। ইংরেজ-রাজ ক্ষমা করবেন এই জোরের উপরেই ইংরেজরাজকে আমরা নিন্দা করব সেটাতে পৌরুষ নেই। আমি নানা দেশ ঘুরে এলেম— আমার যে অভিজ্ঞতা হয়েচে তাতে এই দেখ্লেম একমাত্র ইংরেজ গভর্ণমেণ্ট ছাড়া স্বদেশী বা বিদেশী প্রজার বাক্যে বা ব্যবহারে বিরুদ্ধতা আর কোন গভর্ণমেণ্টই এতটা ধৈর্য্যের সঙ্গে সহ্য করে না। নিজের জোরে নয় পরন্তু সেই পরের সহিষ্ণুতার জোরেই যদি আমরা বিদেশী রাজত্ব সম্বন্ধে যথেচ্ছ আচরণের সাহস দেখাতে চাই তবে সেটা পৌরুষের বিড়ম্বনামাত্র— তাতে ইংরেজ রাজের প্রতিই শ্রদ্ধা প্রকাশ করা হয় নিজের প্রতি নয়। রাজশক্তির আছে গায়ের জোর, তার বিরুদ্ধে কর্ত্তব্যের খাতিরে যদি দাঁড়াতেই হয় তাহলে অপর পক্ষে থাকা উচিত চারিত্রিক জোর— অর্থাৎ আঘাতের বিরুদ্ধে সহিষ্ণুতার জোর। কিন্তু আমরা সেই চারিত্রিক জোরটাই ইংরেজ-রাজের কাছেই দাবী করি নিজের কাছে নয়। তাতে প্রমাণ হয় যে, মুখে যাই বলি নিজের অগোচরে ইংরেজকে আমরা পূজা করি— ইংরেজকে গাল দিয়ে কোনো শাস্তি প্রত্যাশা না করার দ্বারাই সেই পূজার অনুষ্ঠান। শক্তিমানের দিক দিয়ে দেখ্লে তোমাকে কিছু না বলে তোমার বইকে চাপা দেওয়া প্রায় ক্ষমা। অন্য কোনো প্রাচ্য বা প্রতীচ্য বিদেশী রাজার দ্বারা এটি হ’ত না। আমরা রাজা হলে যে হতই না সে আমাদের জমিদারের ও ভারতীয় রাজন্যের বহুবিধ ব্যবহারে প্রত্যহই দেখ্তে পাই। কিন্তু তাই বলে কি কলম বন্ধ করতে হবে? আমি তা বলিনে— শাস্তিকে স্বীকার করেই কলম চল্বে। যে কোনো দেশেই রাজশক্তিতে প্রজাশক্তিতে সত্যকার বিরোধ ঘটেচে সেখানে এমনিই ঘটেচে— রাজবিরুদ্ধতা আরামে নিরাপদে থাকতে পারে না এই কথাটা নিঃসন্দেহ জেনেই ঘটেচে।
তুমি যদি কাগজে রাজবিরুদ্ধ কথা লিখ্তে তাহলে তার প্রভাব স্বল্প ও ক্ষণস্থায়ী হত— কিন্তু তোমার মত লেখক গল্পচ্ছলে যে কথা লিখবে তার প্রভাব নিয়ত চল্তেই থাকবে। দেশে ও কালে তার ব্যাপ্তির বিরাম নেই— অপরিণত বয়সের বালক বালিকা থেকে আরম্ভ করে বৃদ্ধরা পর্য্যন্ত তার প্রভাবের অধীনে আসবে। এমন অবস্থায় ইংরেজ-রাজ যদি তোমার বই প্রচার বন্ধ করে না দিত তাহলে এই বোঝা যেত যে সাহিত্যে তোমার শক্তি ও দেশে তোমার প্রতিষ্ঠা সম্বন্ধে তার নিরতিশয় অবজ্ঞা বা অজ্ঞতা। শক্তিকে আঘাত করলে তার প্রতিঘাত সইবার জন্যে প্রস্তুত থাকতে হবে। এই কারণেই সেই আঘাতের মূল্য— আঘাতের গুরুত্ব নিয়ে বিলাপ করলে সেই আঘাতের মূল্য একেবারেই মাটি করে দেওয়া হয়।
ইতি
তোমাদের
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
এ চিঠির উত্তরে শরৎচন্দ্রের লেখা চিঠি, যা তিনি শেষ পর্যন্ত পাঠাননি রবীন্দ্রনাথকে।
২রা ফাল্গুন, ১৩৩৩
সামতাবেড়, পানিত্রাস পোষ্ট,
জেলা হাওড়া
শ্রীচরণেষু,
আপনার পত্র পেলাম। বেশ, তাই হোক। বইখানা আমার নিজের বলে একটুখানি দুঃখ হবারই কথা, কিন্তু সে কিছুই নয়। আপনি যা কর্ত্তব্য এবং উচিত বিবেচনা করেছেন তার বিরুদ্ধে আমার অভিমানও নেই অভিযোগও নেই। কিন্তু আপনার চিঠির মধ্যে অন্যান্য কথা যা’ আছে সে সম্বন্ধে আমার দুই একটা প্রশ্নও আছে, বক্তব্যও আছে। কৈফিয়তের মত যদি শোনায় সে শুধু আপনাকেই দিতে পারি।
আপনি লিখেছেন ইংরাজ রাজের প্রতি পাঠকের মন অপ্রসন্ন হয়ে ওঠে। ওঠ্বারই কথা। কিন্তু এ যদি আমি অসত্য প্রচারের মধ্যে দিয়ে করবার চেষ্টা করতাম লেখক হিসেবে তাতে আমার লজ্জা ও অপরাধ দুইই ছিল। কিন্তু জ্ঞানতঃ, তা আমি করিনি। করলে politicianদের propaganda হ’ত, কিন্তু বই হ’ত না। নানা কারণে বাঙ্লা ভাষায় এ ধরণের বই কেউ লেখে না। আমি যখন লিখি এবং ছাপাই তার সমস্ত ফলাফল জেনেই করেছিলাম। সামান্য অজুহাতে ভারতের সর্ব্বত্রই যখন বিনা বিচারে অবিচারে অথবা বিচারের ভান ক’রে কয়েদ নির্ব্বাসন প্রভৃতি লেগেই আছে তখন আমিই যে অব্যাহতি পাবো, অর্থাৎ, রাজপুরুষেরা আমাকেই ক্ষমা করে চলবেন এ দুরাশা আমার ছিল না। আজও নেই। তাঁদের হাতে সময়ের টানাটানি নেই, সুতরাং, দুদিন আগে পাছের জন্য কিছুই যায় আসে না। এ আমি জানি, এবং জানার হেতুও আছে। কিন্তু এ যাক্। এ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাঙ্লা দেশের গ্রন্থকার হিসেবে গ্রন্থের মধ্যে যদি মিথ্যার আশ্রয় না নিয়ে থাকি, এবং তৎসত্ত্বেও যদি রাজরোষে শাস্তি ভোগ করতে হয় ত কর্তেই হবে।— তা’ মুখ বুজেই করি বা অশ্রুপাত করেই করি, কিন্তু প্রতিবাদ করা কি প্রয়োজন নয়? প্রতিবাদেরও দণ্ড আছে, এবং মনে করি তারও পুনরায় প্রতিবাদ হওয়া আবশ্যক। নইলে, গায়ের জোরকেই প্রকারান্তরে ন্যায্য বলে স্বীকার করা হয়। এই জন্যেই প্রতিবাদ চেয়েছিলাম। শাস্তির কথাও ভাবিনি এবং প্রতিবাদের জোরেই যে এ বই আবার ছাপা হবে এ সম্ভাবনার কল্পনাও করিনি।
চুরি ডাকাতির অপরাধে যদি জেল হয় তার জন্যে হাইকোর্টে আপিল করা চলে, কিন্তু আবেদন যদি অগ্রাহ্যই হয় তখন, দুবছর না হয়ে তিন বছর হল কেন এ নিয়ে বিলাপ করা সাজে না। রাজ-বন্দীরা জেলের মধ্যে দুধ ছানা মাখন পায় না ব’লে কিম্বা, মুসলমান কয়েদীরা মোহরমের তাজিয়ার পয়সা পাচ্চে, আমরা দুর্গোৎসবের খরচ পাই না কেন এই বলে চিঠি লিখে কাগজে রোদন করায় আমি লজ্জা বোধ করি, কিন্তু মোটা ভাতের বদলে যদি Jail authorityরা ঘাসের ব্যবস্থা করে তখন, হয়ত তাদের লাঠির চোটে তা চিবোতে পারি, কিন্তু ঘাসের ড্যালা কণ্ঠরোধ না করা পর্য্যন্ত অন্যায় বলে প্রতিবাদ করাও আমি কর্তব্য মনে করি।
কিন্তু বইখানা আমার একার লেখা, সুতরাং দায়িত্বও একার। যা’ উচিত বলে মনে করি, তা বলতে পেরেছি কিনা এইটেই আসল কথা। নইলে ইংরেজ সরকারের ক্ষমাশীলতার প্রতি আমার কোন নির্ভরতা ছিল না। আমার সমস্ত সাহিত্য সেবাটাই এই ধরণের। যা উচিত মনে করেছি তাই লিখে গেছি।
আপনি লিখেছেন আমাদের দেশের রাজারা এবং প্রাচ্য ও প্রতীচ্যের অন্যান্য রাজশক্তির কারও ইংরেজ গবরমেন্টের মত সহিষ্ণুতা নেই। এ কথা অস্বীকার করবার অভিজ্ঞতা আমার নেই। কিন্তু ও আমার প্রশ্নই নয়। আমার প্রশ্ন ইংরাজ রাজশক্তির এ বই বাজেয়াপ্ত করবার justification যদি থাকে, পরাধীন ভারতবাসীর পক্ষে protest করার justificationও তেম্নি আছে।
আমার প্রতি আপনি এই অবিচার করেছেন যে আমি যেন শাস্তি এড়াবার ভয়েই প্রতিবাদের ঝড় তুলতে চেয়েছি এবং সেই ফাঁকে নিজে গা ঢাকা দেবার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবিক তা না। দেশের লোকে যদি প্রতিবাদ না করে আমাকে করতেই হবে। কিন্তু সে হৈ চৈ করে নয়, আর একখানা বই লিখে।
আপনি নিজে বহুদিন যাবৎ দেশের কাজে লিপ্ত আছেন, দেশের বাহিরের অভিজ্ঞতাও আপনার অত্যন্ত বেশি আপনি যদি শুধু আমাকে এইটুকু আদেশ দিতেন যে এই বই প্রচারে দেশের সত্যকার মঙ্গল নেই, সেই আমার সান্ত্বনা হোতো। মানুষের ভুল হয়, আমারও ভুল হয়েছে মনে করতাম।
আমি কোনরূপ বিরুদ্ধ ভাব নিয়ে এ চিঠি আপনাকে লিখিনি, যা মনে এসেছে তাই অকপটে আপনাকে জানালাম। মনের মধ্যে যদি কোন ময়লা আমার থাকতো আমি চুপ করেই যেতাম। আমি সত্যকার রাস্তাই খুঁজে বেড়াচ্ছি, তাই সমস্ত ছেড়েছুড়ে নির্ব্বাসনে বসে আছি। অর্থে সামর্থ্যে সময়ে কত যে গেছে সে কাউকে জানাবার নয়। দিনও ফুরিয়ে এলো, এখন সত্যিকার কিছু একটা করবার ভারি ইচ্ছে হয়।
উত্তেজনা অথবা অজ্ঞতাবশতঃ এ পত্রের ভাষা যদি কোথাও রূঢ় হয়ে থাকে আমাকে মার্জ্জনা করবেন। আপনার অনেক ভক্তের মাঝে আমিও একজন, সুতরাং কথায় বা আচরণে আপনাকে লেশমাত্র ব্যথা দেবার কথা আমি ভাবতেও পারিনে।
ইতি
সেবক
শ্রীশরৎচন্দ্র চট্টোপাধ্যায়





