আসিফ ইকবাল জিতলেন শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার

আসিফ ইকবাল
নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রথম New York Bangla Cinema Awards-এ শ্রেষ্ঠ গীতিকার নির্বাচিত হয়েছেন আসিফ ইকবাল। জনপ্রিয় চলচ্চিত্র ‘প্রহেলিকা’র তুমুল জনপ্রিয় গান ‘মেঘের নৌকা’র জন্য এ পুরস্কার পান তিনি। চার দশক ধরে তিনি অসংখ্য জনপ্রিয় আধুনিক ও চলচ্চিত্রের গান লিখেছেন। তার লেখা ‘যদি লক্ষ্য থাকে অটুট’, ‘মেঘের নৌকা’, ‘সাদা আর লাল’, ‘আজ তুমি দূরের বলেই’, ‘চলো কই বলো’, ‘একটু পাগল’, ‘আমার জন্য তুই পৃথিবী’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার অসাধারণ সমন্বয়ে আসিফ ইকবাল সংগীত, করপোরেট নেতৃত্ব এবং লেখালেখি— তিন ক্ষেত্রেই স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি আত্মউন্নয়নমূলক গ্রন্থের লেখক হিসেবেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার প্রকাশিত দুটি বই— ‘যদি লক্ষ্য থাকে অটুট’ এবং ‘ভাবিয়া করিও কাজ’ পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্ব ও সফলতার বাস্তব অভিজ্ঞতা সহজ ভাষায় তুলে ধরেছেন তিনি। গীতিকার পরিচয়ের পাশাপাশি আসিফ ইকবাল একজন সফল করপোরেট নির্বাহী, উদ্যোক্তা এবং গাংচিল মিউজিকের প্রতিষ্ঠাতা। ‘New York Bangla Cinema Awards’-এ শ্রেষ্ঠ গীতিকারের সম্মান অর্জন তার সাফল্যের মুকুটে আরও একটি পালক সংযোজন করেছে।




