কণিকা
আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’

১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ আয়োজন করেছে লালন বিশ্বসংঘ। উৎসবে কবীর-লালন সংগীত পরিবেশন করবে কবীরপন্থী সম্প্রদায়, রবিদাসপন্থী সম্প্রদায়, নানকপন্থী সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কবীর-লালন মিউজিক্যাল মিশন। ১১ সেপ্টেম্বর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কবীর-লালন বিষয়ে নানামাত্রিক বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে আলোকপাত করবেন অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ, অধ্যাপক ড. আহসানুল হাদী, ফকির আবুল হোসেন শাহ, কবীরপন্থী সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহীর ডা. এম কে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিভাগওয়ারি পরবর্তী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে।





