৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

ফাইল ছবি
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিশন এক বছরের মধ্যে পুরো বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়, ফলাফলে দেখা যায় ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫০ জন নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে।
কেন্দ্র পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রতিবন্ধী প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, সেসব শ্রুতিলেখক পিএসসি নিয়োগ করবে। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ১০ মার্চ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার ঠিকানায় আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না বলেও উল্লেখ করা হয়।

