চার লাখের মাইলফলকে ‘গ্রামীণফোন একাডেমি’

তরুণদের ডিজিটাল বিষয়ে দক্ষ করে তুলতে গ্রামীণফোনের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গ্রামীণফোন একাডেমি’ চার লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করেছে। এর মধ্যে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত বিভিন্ন কোর্সে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০ হাজার তরুণ। পরিবর্তনশীল চাকরির বাজারে এআই দক্ষতার ক্রমবর্ধমান চাহিদার বড় প্রতিফলন এটি।
বর্তমানে এআই ও উদীয়মান প্রযুক্তি মানুষের কাজের ধরন ও ক্যারিয়ার গঠনের পদ্ধতি বদলে দিচ্ছে। এই বাস্তবতায় তরুণদের ভবিষ্যতের এআইনির্ভর অর্থনীতির উপযোগী করে তুলতে কাজ করছে এই প্ল্যাটফর্ম। একাডেমির এআই প্রোগ্রামে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এজেন্টস, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ওয়ার্কফ্লো অটোমেশন এবং কোডিং ছাড়াই অ্যাপ নির্মাণের মতো যুগোপযোগী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছেন ৫০ হাজার শিক্ষার্থী।
গ্রামীণফোনের হেড অব ইএসজি ফারহানা ইসলাম জানালো, প্রতি বছর প্রায় ২২ লাখ তরুণ কর্মসংস্থানে প্রবেশ করেন। এই রূপান্তরের যুগে তরুণদের সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে গ্রামীণফোন একাডেমি কাজ করে যাচ্ছে। এটি তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন আয়ের পথ ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করছে।





