কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি ইরানের

কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করছে ইরান। প্রতীকী ছবি/সংগৃহীত
জীবন্ত মানব স্নায়ুকোষ ব্যবহার করে পরীক্ষাগার পর্যায়ে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরি করার দাবি করেছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে শেখার সক্ষমতাসম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক। এর মধ্য দিয়ে অর্গানয়েড বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন একটি ধাপ অতিক্রম করেছে ইরান।
এ তথ্য জানিয়েছেন ইরানের কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্কফোর্সের সেক্রেটারি আতাউল্লাহ পুর আব্বাসি।
তিনি জানান, মানবদেহের বাইরে স্নায়ুকোষ বৃদ্ধি ও সংরক্ষণের প্রযুক্তি আয়ত্ত করেছে ইরান। এসব স্নায়ুকোষ একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করে শেখার সক্ষমতাসম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারে, যেমনটি স্বাভাবিকভাবে ঘটে মানব মস্তিষ্কে। ‘এটাই মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির ভিত্তি।’
আতাউল্লাহর দাবি, ইতোমধ্যে এ প্রযুক্তির পরীক্ষামূলক নমুনা তৈরি করেছে একটি দেশীয় প্রতিষ্ঠান। এই প্রযুক্তির দুটি বড় সুবিধা রয়েছে। প্রথমত, তথ্য প্রক্রিয়াকরণের গতি প্রচলিত প্রযুক্তির তুলনায় অনেক বেশি। দ্বিতীয়ত, প্রচলিত সিলিকনভিত্তিক চিপের তুলনায় বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত কম হতে পারে।
তিনি জানান, প্রযুক্তিটি এখনো বাণিজ্যিক ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি। তবে শুরু থেকে শেষ পর্যন্ত এর সম্পূর্ণ প্রযুক্তিগত জ্ঞান সম্পূর্ণ নিজস্বভাবে অর্জন করেছে ইরান। ‘প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের অগ্রণী দেশগুলোর সঙ্গে সমান গতিতে এগিয়ে যাচ্ছে।’
বিশেষজ্ঞদের মতে, অর্গানয়েড বুদ্ধিমত্তা বা জৈব তথ্যপ্রক্রিয়াকরণ প্রযুক্তিতে জীবন্ত মানব স্নায়ুকোষ ব্যবহার করে এমন কম্পিউটিং ব্যবস্থা তৈরি করা হয়, যা মানব মস্তিষ্কের মতো অত্যন্ত কম শক্তি ব্যবহার করে সমান্তরালভাবে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম।




