ওপেনএআইয়ের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ

প্রযুক্তি বিশ্বে নতুন উত্তেজনা তৈরি করে ট্রেড সিক্রেট বা গোপনীয় তথ্য চুরির অভিযোগে ওপেনএআই এবং তাদের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে মামলা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্থ ডিস্ট্রিক্ট আদালতে এই মামলা করা হয়েছে।
অ্যাপলের দাবি, তাদের এই গোপন তথ্যগুলো ওপেনএআইয়ের কনজ্যুমার হার্ডওয়্যার তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে অ্যাপল সম্প্রতি আদালতে একটি প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন করেছে, যাতে অভিযুক্তরা ওই তথ্য ব্যবহার বা প্রকাশ করতে না পারে। পাশাপাশি দ্রুত নথি সরবরাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি নেওয়ারও আবেদন জানিয়েছে অ্যাপল।
অভিযুক্ত কর্মীদের মধ্যে রয়েছেন অ্যাপলের সাবেক প্রোডাক্ট ডিজাইন ভিপি ট্যাং ইয়েও টান এবং সিনিয়র সিস্টেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাং লিউ। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ওপেনএআই জানিয়েছে, তাদের কাছে অ্যাপলের কোনো গোপন তথ্য নেই। ভবিষ্যতের এআই ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে আইনি লড়াই বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: রয়টার্স




