রাশিয়ার সরকারি অ্যাপে সাইবার হামলা

সংগৃহীত ছবি
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের (ইমার্জেন্সিজ মিনিস্ট্রি) মোবাইল অ্যাপে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল সোমবার স্থানীয় সময় সকালে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভুয়া তথ্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অ্যাপটির কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে মন্ত্রণালয়। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই অ্যাপের মাধ্যমে সাধারণত বিভিন্ন জরুরি পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্কবার্তা দেয়। ফলে অ্যাপটিতে হামলার ঘটনা জননিরাপত্তা ও নির্ভরযোগ্য জরুরি তথ্য সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে, একই সময়ে ইউক্রেনের জাতীয় বিমান হামলা সতর্কতা অ্যাপেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। সেখানে পারমাণবিক ও রাসায়নিক হামলার ঝুঁকিসহ বিভিন্ন ভুয়া সতর্কবার্তা প্রচার করা হয়। ইউক্রেনের বিমানবাহিনী অ্যাপটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে রাশিয়া ও ইউক্রেনের অ্যাপ দুটিতে চালানো হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



