ওপেনএআই ছাড়ছেন শীর্ষ নির্বাহী লাইটকাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের শেয়ার বাজারে যাওয়ার (আইপিও) প্রস্তুতির মাঝেই প্রতিষ্ঠান ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র নির্বাহী ব্র্যাড লাইটকাপ। নতুন একটি উদ্যোগ বা স্টার্টআপ শুরু করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লাইটকাপ জানান, প্রযুক্তির পরবর্তী ধাপে সফল হতে বিশ্বের সামনে নতুন কী কী চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো মোকাবিলায় কী প্রয়োজন, তা নিয়ে তিনি কিছুদিন ধরে ভাবছিলেন। তার এই পদত্যাগে প্রতিষ্ঠানের বড় কোনো দলের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে ওপেনএআই। অন্যদিকে, লাইটকাপের নতুন যাত্রার সফলতার কামনা করে ওপেনএআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তার সঙ্গে সামনেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
২০১৮ সালে ওপেনএআইয়ে যোগ দেওয়া লাইটকাপ এর আগে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। গত এপ্রিলে তাকে বিশেষ প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে দেওয়া হয়।






