জার্মানিতে মন্দায়ও এআইর সাফল্য

গ্রাফিকস: আগামীর সময়
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির ভারী মেশিনারিজের মতো ঐতিহ্যবাহী শিল্প খাত ধুঁকলেও দেশটির স্টার্টআপ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর হাত ধরে এক অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধেই জার্মানিতে তিন হাজারের বেশি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠিত হয়েছে, যা সর্বকালের রেকর্ড এবং গত ছয় মাসের তুলনায় ৫২ শতাংশ বেশি।
মূলত মূলধনের সহজলভ্যতা এবং বৈশ্বিক এআই বিপ্লবের কারণে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। নতুন প্রতিষ্ঠিত জার্মান কোম্পানির প্রায় এক-তৃতীয়াংশই সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত। এ ছাড়া শ্রমবাজারের দুর্বলতার কারণে অনেক মেধাবী কর্মী নিরাপদ করপোরেট চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছেন।
নতুন স্টার্টআপগুলোর মধ্যে ২৮ শতাংশ সফটওয়্যার খাতের হলেও স্বাস্থ্যসেবা খাতে ৯ ও খাদ্য খাতে ৬ শতাংশ নতুন কোম্পানি গড়ে উঠেছে।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জার্মান স্টার্টআপগুলো ৮০০ কোটি ইউরো ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহ করেছে, যা পুরো ২০২৫ সালের চেয়েও বেশি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এই তহবিল এখনো অনেক কম।
এই ব্যবধান দূর করতে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মন্ত্রিসভা গত জুলাইয়ে একটি নতুন ‘স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং প্রযুক্তি, বায়োটেক ও প্রতিরক্ষা খাতে বেসরকারি মূলধন বাড়ানোর জন্য ১৫২টি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে মেধাবী উদ্যোক্তারা দেশ ছেড়ে বাইরে চলে না যান। সূত্র: রয়টার্স



