আরিশার বোকা বাবা

অলংকরণ করেছেন রজত
ব্যস্ত বাবাকে চমকে দিতে আদুরে রাজকন্যা কী করল? সেই গল্প তোমাদের শোনাচ্ছেন রবিউল কমল
রোজ সকাল ৮টায় অফিসে যান বাবা। তার আগে বেশ কিছু কাজ থাকে। ঘুম থেকে উঠে গোসল করেন, নাশতা খান, তারপর কালো ব্যাগটা গুছিয়ে নেন।
বাবার কালো ব্যাগটা আরিশার খুব পছন্দ।
ব্যাগের ভেতরে কত্ত কত্ত কাগজ! কিছু সাদা, কিছু হলুদ, কিছু আবার ছোট ছোট। বাবা সব কাগজ খুব যত্ন করে রাখেন। কোনোটা অফিসের হিসাব, কোনোটা চিঠি, কোনোটা আবার মিটিংয়ের কাগজ।
আরিশা প্রায়ই বাবার পাশে দাঁড়িয়ে ব্যাগ গোছানো দেখে। আজও দেখছিল। হঠাৎ তার মনে হলো, বাবার ব্যাগে তো শুধু কাজের জিনিস। ইশশ, ব্যাগে যদি এক টুকরো আনন্দ রাখা যেত! তাহলে বাবা অফিসে গিয়ে ব্যাগ খুললেই খুশি হতেন। কিন্তু ব্যাগে আনন্দ রাখবে কীভাবে?
আরিশা ভাবতে লাগল। কী করা যায়? কী করা যায়? বাবা তখন নাশতা খেতে গেলেন। এই তো সুযোগ!
আরিশা আস্তে আস্তে বাবার ঘরে ঢুকল। ব্যাগটা খুলল। প্রথমে সে নিজের আঁকার খাতাটা নিয়ে এলো। পাতা ওল্টাতে ওল্টাতে একটা ছবি বের করল। ছবিটা সে গতকাল এঁকেছিল। ছবিতে বাবা, মা, দাদু আর সে— চারজন হাত ধরে দাঁড়িয়ে আছে। সবার মুখে বড় বড় হাসি। ওপরে নীল আকাশ। পাশে সবুজ গাছ। আর এক কোণে বড় একটা হলুদ সূর্য।
ছবির একেবারে নিচে আরিশা লিখেছে, ‘আমার বোকা বাবা।’
ছবিটা দেখে নিজেই হেসে ফেলল আরিশা। বাবা তো সত্যিই একটু বোকা! যখন নতুন জামা কিনে দেন, তখন বলেন, ‘আমার আরিশার জন্যই কিনেছি।’ আর নিজের জন্য কিছু কিনতে গেলে বলেন, ‘এবার থাক, পরে কিনব।’
আরিশা মনে মনে ঠিক করে রেখেছে, বাবাকে সে একদিন অনেক বড় একটা উপহার দেবে।
সে ছবিটা সুন্দর করে ব্যাগের ভেতর রাখল। তারপর মনে হলো, শুধু ছবি দিলে হবে না।
আরিশা দৌড়ে রান্নাঘরে গেল। নিজের বিস্কুটের কৌটা খুলল। ভেতর থেকে একটা গোল বিস্কুট বের করল। তারপর সেটা ছোট কাগজে মুড়িয়ে বাবার ব্যাগে রাখল।
তার সঙ্গে দিল ছোট্ট একটি চিরকুট।
‘বোকা বাবা,
কাজ করতে করতে ক্ষুধা পেলে বিস্কুটটা খেয়ে নিও।
ইতি, আরিশা।’
সকাল ৮টা বাজল। বাবা জুতা পরলেন। কালো ব্যাগটা হাতে নিলেন। আরিশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাবা বললেন, ‘মামণি, আমি অফিসে গেলাম।’
আরিশা মুচকি হেসে বলল, ‘আচ্ছা, বাবা।’
বাবা বেরিয়ে গেলেন। আরিশা দরজা দিয়ে বাবার চলে যাওয়া দেখল।
অফিসে গিয়ে বাবা কাজে ব্যস্ত হয়ে পড়লেন। একটার পর একটা কাজ। ফোন বেজে উঠছে। কেউ কাগজ নিয়ে আসছে। কেউ কিছু জানতে চাইছে। তারপর বড় একটা মিটিং।
মিটিং শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল। বাবা ক্লান্ত হয়ে নিজের রুমে ফিরলেন। চেয়ারে বসে কালো ব্যাগটা টেবিলের ওপর রাখলেন। একটা কাগজ বের করতে ব্যাগ খুললেন। আর তখনই ছবিটা বেরিয়ে এলো।
বাবা থমকে গেলেন। এটা কী? ছবিতে বাবা, মা, দাদু ও ছোট্ট আরিশা হাত ধরে দাঁড়িয়ে আছে। তারপর ছবির নিচের লেখাটা পড়লেন, ‘আমার বোকা বাবা।’
বাবার মুখে হাসি ফুটে উঠল। ছবিটা আরও কাছে নিয়ে দেখলেন। সূর্যটা একটু বাঁকা হয়েছে। বাবার চুলও অদ্ভুত রকমের লম্বা। তবু বাবার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি।
এরপর ব্যাগ থেকে বের হলো কাগজে মোড়ানো বিস্কুট। বাবা আরও অবাক। আরে, বিস্কুটও আছে! সবশেষে বের হলো ছোট্ট চিরকুটটা। বাবা খুলে পড়লেন। চিরকুটটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন।
তারপর আবার পড়লেন। আরেকবার পড়লেন। তার মুখে হাসি লেগেই আছে। পাশের টেবিলে বসা একজন সহকর্মী জানতে চাইলেন, ‘কী হয়েছে? এত হাসছেন কেন?’
বাবা ছবিটা দেখিয়ে বললেন, ‘আমার মেয়ের আঁকা।’
তিনি বললেন, ‘বাহ, খুব সুন্দর তো!’
বাবা ছবিটা বুকের কাছে ধরে বললেন, ‘এটা কেবল ছবি নয়; এটাই আমার পরিবার।’
তিনি ছবিটা সবাইকে দেখালেন। তারপর বিস্কুটটা বের করলেন। একটা কামড় দিলেন। এটা যেন দুনিয়ার সবচেয়ে মজার বিস্কুট।
বিকাল হলো। বাবা অফিসের কাজ শেষ করলেন। কালো ব্যাগটা গুছিয়ে নিলেন। তারপর বাড়ির পথে রওনা হলেন।
বাড়িতে ঢুকেই বললেন, ‘মামণি! আরিশা কোথায়?’
আরিশা দৌড়ে এলো। বাবা তাকে কোলে তুলে নিলেন। তারপর বললেন, ‘মামণি, এক ব্যাগ আনন্দের জন্য তোমাকে ধন্যবাদ।’
আরিশা হেসে বলল, ‘তুমি আনন্দ পেয়েছ?’
‘অনেক।’
‘ছবিটা ভালো লেগেছে?’
‘খুব।’
‘বিস্কুটটা খেয়েছ?’
‘খেয়েছি।’
আরিশা একটু চুপ করে থাকল। তারপর বলল, ‘বোকা বাবা, একটা কথা বলি?’
বাবা বললেন, ‘বলো মা।’
আরিশা দুই হাত বাড়িয়ে বলল, ‘তোমাকে একটু জড়িয়ে ধরি?’
বাবা অবাক হয়ে বললেন, ‘কেন, কেন?’
আরিশা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ‘তোমাকে জড়িয়ে ধরলে একা লাগে না। সারাটা দিন বাবা-বাবা গন্ধ পাই।’
বাবা আর কিছু বললেন না। আরিশাকে আরও শক্ত করে বুকের মধ্যে আগলে নিলেন।



