লাল ঝুঁটি ছোট্ট পাখি

অলংকরণ করেছেন রজত
প্রায় ১৬ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ ছিল ওদের। তারপর হারিয়ে গেছে! ওদের হয়ে গল্প শোনাচ্ছেন আরিফুল ইসলাম
আমার নাম অ্যাঙ্কিওরনিস হাক্সলি। খুব খটোমটো নাম, তাই না? কী আর করব বলো, নাম তো আমি নিজে রাখিনি। তোমরাই, মানে মানুষরাই আমাদের এমন নাম দিয়েছ। নামের অর্থটা একটু সহজ করে বাংলায় বলে দিই, কেমন? ‘অ্যাঙ্কিওরনিস’ শব্দটা গ্রিক। এর বাংলা অর্থ, ‘পাখির মতো দেখতে’। আমরা দেখতে ছিলাম পাখির মতো তো, তাই এমন নামকরণ। আর ‘হাক্সলি’ শব্দটা বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী টমাস হেনরি হাক্সলির নাম থেকে নেওয়া। কী কারণে জানো? থাক, ভেবে ভেবে মাথায় চাপ নিতে হবে না; আমিই বলে দিচ্ছি। উনিশ শতকে ওই বিজ্ঞানীই প্রথম দাবি করেছিলেন, ডাইনোসর থেকেই পাখির বিবর্তন হয়েছে।
জুরাসিক
যুগের শেষদিকে, মানে প্রায় ১৬
কোটি বছর আগে আমরা
পৃথিবীতে ঘুরে বেড়াতাম। আকারে
ছিলাম একদমই ছোট। এ সময়ের
একটা কাক কিংবা পায়রার
মতো। ওজন ছিল ১১০
গ্রাম থেকে ১ কেজির
মধ্যে। মাথায় ছিল টকটকে লাল
রঙের ঝুঁটি। পুরো শরীর ছিল
ধূসর ও কালো রঙের।
আমাদের ডানা ছিল চারটি।
ডানায় ছিল সাদাকালো ডোরাকাটা
দাগ। ডানা থেকে অবশ্য
লাভ হয়নি। কারণ, ডানা থাকলেও আমরা
খুব বেশি উড়তে পারতাম
না। ডানা মেলে ভেসে
ভেসে বড়জোর গাছের এক ডাল থেকে
আরেক ডালে যেতে পারতাম।
আমাদের দাঁত ছিল সুঁইয়ের মতো সুচালো। সেই দাঁত দিয়ে ছোট ছোট পোকামাকড় খেয়ে ক্ষুধা মেটাতাম। তোমরা হয়তো জানো, যেসব ডাইনোসরের পেছনের পাগুলো বেশ লম্বা ছিল, সেগুলো জোরসে দৌড়াতে পারত। কিন্তু আমাদের পেছনের পা একটু লম্বাটে হলেও দৌড়ে আমরা ছিলাম ফেইলটুস! কারণ, পায়ে ছিল বড় পালক; তাই মাটিতে ছুটতে বেশ কষ্ট হতো আমাদের। অবশ্য এতে একটা লাভই হয়েছে। পায়ের ধারালো বাঁকানো নখ ব্যবহার করে আমরা বড় বড় গাছে দ্রুত বেয়ে উঠতে পারতাম, একদম কাঠবিড়ালির মতো!
মানুষ আমাদের কথা জেনেছে মাত্র বছর কয়েক আগে; ২০০৯ সালে। সেই বছর চীনের উত্তর-পূর্বাঞ্চলে আমার এক জ্ঞাতি ভাই বা বোনের জীবাশ্ম আবিষ্কৃত হয়।



